জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের নান্দাইলে ৯ বছরের এক শিশু কন্যাকে মসজিদের ভিতরে যৌন নিপীড়ন করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শেরপুর ইউনিয়ন জামাতে ইসলামীর সভাপতি হেলাল উদ্দিন ওরফে বেলাল মুন্সি (৫৫)র বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনার তিন দিন পর বুধবার (৩০ সেপ্টেম্বর) উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে চড়াও হলে ঘটনাটি জানাজানি হয়।
জানা যায়, হেলাল উদ্দিন শেরপুর ইউনিয়নের সংগ্রামখেলি গ্রামের বাসিন্দা। গত রোববার সকালে সংগ্রামখেলি গ্রামের কোনাপাড়া জামে মসজিদে প্রতিদিনের মতো মক্তব্যে এলাকার অন্তত ৩০ জন শিশু আরবি পড়তে যায়। অভিযুক্ত ওই দিন মক্তব পড়া শেষে অন্য শিশুদের ছুটি দিলেও ভুক্তভোগী ওই শিশু কন্যাকে কৌশলে আটকে রাখেন তিনি। পরে হেলাল উদ্দিন শিশুটিকে যৌন নিপীড়নের চেষ্টা করে।
ভুক্তভোগী শিশু জানায়, ওই সময় হুজুর তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়নের চেষ্টা চালালে শিশুটি বাধা দিলে এবং চিৎকার করতে চাইলে অভিযুক্ত জোরপূর্বক তার মুখ চেপে ধরার চেষ্টা করেন। একপর্যায়ে শিশুটি কোনোমতে তার হাত থেকে ফসকে দৌড়ে মসজিদ থেকে বের হয়ে বাড়ি চলে যায়।
পরবর্তীতে শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে বিস্তারিত জানালে পরে মা স্থানীয় গণ্যমান্য বিষয়টিকে অবগত করেন। কিন্তু তিন দিন পেরিয়ে গেলেও কোনো সুষ্ঠু বিচার পায়নি পরিবারটি। ঘটনার পর থেকে অভিযুক্ত হেলাল উদ্দিন এলাকা ছাড়া রয়েছে।
অভিযুক্ত হেলাল উদ্দিন অভিযোগের বিষয়টি অস্বীকার করে জানান এটি একটি মিথ্যা অপবাদ। মূলত এলাকার একটি ডিপটিউবওয়েল ও জমা-জমি নিয়ে একটি পক্ষের সঙ্গে গোলযোগ ছিল। ওই পক্ষটি আমার কাছে ১০ লাখ টাকা দাবী করেন। তাদের দাবি পূরণ করি নাই বলে এ সাজানো ঘটনাটি এলাকাবাসীর মাঝে রটিয়েছে।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, শিশি সহ অভিভাবক থানায় আছে ঘটনার বিষয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি চলছে ।



