জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শীর্ষে রয়েছে নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়। অন্যদিকে, কারিগরি শাখায় অভাবনীয় সাফল্য দেখিয়েছে নান্দাইল সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ।
এ বছর এসএসসি পরীক্ষায় নান্দাইল উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ২ হাজার ৪৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ১৮০ জন। গড় পাসের হার ৪৭ শতাংশ। উপজেলায় মোট ৫৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
ফলাফলের দিক থেকে চমক দেখিয়েছে নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে ১৬৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১৩৫ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
এছাড়া চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৮ জন, পাঁচানী উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন, জহুরাখাতুন উচ্চ বালিকা বিদ্যালয় ও মুশুল্লী উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন করে এবং মুশুল্লী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাশাপাশি আরও ১০টি প্রতিষ্ঠান থেকে একজন করে শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
অপরদিকে, দাখিল পরীক্ষায় উপজেলার ৩৩টি মাদরাসা থেকে ১ হাজার ১৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৮২ জন। পাসের হার ৫৮ দশমিক ৫৪ শতাংশ। দাখিলে মোট ৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে আচারগাঁও ফাজিল মাদরাসা থেকে সর্বোচ্চ ৩ জন এবং বাকচান্দা ফাজিল মাদরাসা থেকে ২ জন জিপিএ-৫ অর্জন করেছে। এছাড়া আফতাব উদ্দিন দাখিল মাদরাসা ও কালিগঞ্জ বাবুল উলুম দাখিল মাদরাসা থেকে একজন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
পাসের হারের দিক থেকে এগিয়ে রয়েছে কালিগঞ্জ বাবুল উলুম দাখিল মাদরাসা, যেখানে পাসের হার ৯৭ দশমিক ০৫ শতাংশ। এছাড়া মিশ্রিপুর বালিকা দাখিল মাদরাসায় পাসের হার ৮৯ দশমিক ৬৫ শতাংশ।
এদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নান্দাইল উপজেলার ৬টি প্রতিষ্ঠান থেকে মোট ২৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩৫ জন। পাসের হার ৫২ দশমিক ৫৩ শতাংশ। কারিগরি শাখায় মোট ৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যার সবগুলোই অর্জন করেছে নান্দাইল সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠানের পাসের হার ৬৬ শতাংশ।
এ বিষয়ে নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. মফিজুল ইসলাম ফলাফলের সার্বিক দিক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে আরও নিবিড়ভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের প্রতি আহ্বান জানান।




