ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশনিখোঁজের একদিন পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

নিখোঁজের একদিন পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজ হওয়ার একদিন পর ফারাবি হোসেন (৩) নামে এক শিশুর মরদেহ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কেরোয়া ইউনিয়নের নয়ারহাট এলাকার একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ফারাবি হোসেন কেরোয়া ইউনিয়নের জোড়পোল এলাকার লক্ষিসী বাড়ির বাসিন্দা মো. ফিরোজের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে বাড়ির আঙিনা থেকে খেলতে গিয়ে নিখোঁজ হয় ফারাবি। পরিবারের সদস্যরা প্রথমে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাননি।

শুক্রবার সকালে নয়ারহাট এলাকার একটি খালে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয় কয়েকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে রায়পুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত শিশুর বাবা মো. ফিরোজ বলেন, “বৃহস্পতিবার বিকেলে ফারাবি হঠাৎ নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে স্থানীয় লোকজন খালে একটি শিশুর মরদেহ ভাসতে দেখার খবর দিলে সেখানে গিয়ে দেখি সেটি আমার ছেলে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন চোখে পড়েনি। কীভাবে তার মৃত্যু হলো, কিছুই বুঝতে পারছি না।”

স্থানীয় বাসিন্দারা জানান, শিশুটির মৃত্যুর খবরে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন দেখা দিলেও মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকানিউজ/নাজ/24

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular