নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার জন্য ব্যয় হিসেবে সরকারের কাছে প্রায় ৬ হাজার কোটি টাকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে সংসদ নির্বাচন পরিচালনা ও আইনশৃঙ্খলা খাতে ২ হাজার ৭৯৪ কোটি ৫৫ লাখ টাকা চাওয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের জন্যও চাওয়া হয়েছে প্রায় সমান অর্থ। আগামী অর্থবছরে বরাদ্দ চেয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বুধবার সাংবাদিকদের বলেন, নির্বাচনের জন্য প্রাথমিক চাহিদা অনুযায়ী সরকারের কাছে ৫ হাজার ৯২১ কোটি ৭২ লাখ ৬০ হাজার টাকা চাওয়া হয়েছে। আরও বৈঠকের পর পরিমাণ চূড়ান্ত হবে।
তিনি বলেন, সংসদ নির্বাচনের জন্য যে অর্থ চাওয়া হয়েছে, পরবর্তী সময়ে তা কমে আসতে পারে। সবকিছু ভোটের সময়ের পরিস্থিতির ওপর নির্ভর করবে।
সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ হাজার ২৭৬ কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল। এর মধ্যে হাজার কোটি টাকার বেশি ব্যয় নির্ধারণ হয়েছিল আইনশৃঙ্খলা খাতে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ সংসদ নির্বাচনে ব্যয় ধরা হয়েছিল ৭০০ কোটি টাকা।



