নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, “যেকোনো মূল্যে আগামী নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা হবে। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং আয়োজিত সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আবুল কালাম আজাদ বলেন, “গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, তখন পরিস্থিতি বেশ বিশৃঙ্খল ছিল। সরকার ধীরে ধীরে তা স্বাভাবিক করতে কাজ করছে।” তিনি সম্প্রতি মিটফোর্ডে ব্যবসায়ী হত্যাকাণ্ডের উদাহরণ দিয়ে বলেন, “এ ঘটনায় ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।”
সভায় সাংবাদিকরা বিগত নির্বাচনগুলোতে পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হয়রানির শিকার হওয়ার কথা তুলে ধরেন। এনটিভির সিনিয়র রিপোর্টার শ. ম. সাজু বলেন, “অতীতের নির্বাচনে আমরা প্রার্থীদের ও আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়েছি। অনেক সময় তথ্য থাকলেও প্রচার করা সম্ভব হয়নি। আমরা চাই, এবার যেন সব অনিয়ম লাইভ সম্প্রচার করা যায়।”
জবাবে উপ-প্রেস সচিব বলেন, “আগের তিনটি নির্বাচন প্রকৃত অর্থে নির্বাচন ছিল না, সেখানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও ছিল না। আগামী নির্বাচন সুষ্ঠু করতে প্রায় ৪৭ হাজার ভোটকেন্দ্রে প্রশিক্ষিত পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। সাংবাদিকরা হয়রানির শিকার হবেন না। নির্বাচনী আচরণবিধি মেনে চলার পরও কোনো বাধা তৈরি হলে তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে।”
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি আরও বলেন, “গত এক বছরে বাংলাদেশ গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার সিকিউরিটি আইন বাতিল করা হয়েছে এবং সাংবাদিকদের নামে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের কাজ চলছে। আশা করি, এখন বা ভবিষ্যতে সাংবাদিকরা আর হয়রানির শিকার হবেন না।”
সভায় বিশিষ্ট নদী গবেষক ড. মাহবুব সিদ্দিকী বরেন্দ্র অঞ্চলে আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপন করে রাজশাহীর বিখ্যাত পান ও আম বিদেশে রপ্তানির দাবি জানান। এছাড়া জ্বালানি ব্যবসায়ীরা একটি পূর্ণাঙ্গ জ্বালানি তেলের ডিপো স্থাপনের দাবি তোলেন।
এসব দাবির জবাবে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “প্রধান উপদেষ্টা তাঁর জাপান সফরেও রাজশাহীর আম রপ্তানির বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। আপনাদের দাবিগুলো জ্বালানি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হবে এবং তারা তা যাচাই করে দেখবেন।”-
সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমামসহ অন্যান্য কর্মকর্তারা।



