নিউজ ডেস্ক: একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে শোকের মাতম বইছে নিহত ফায়ার সার্ভিসকর্মী সোয়ানুর জামান নয়নের চপরিবারে। সবার চোখ অশ্রু ছলছল। আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীরাও কাঁদছেন নয়নের এমন মর্মান্তিক মৃত্যুতে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সচিবালয়ের আগুন নেভাতে ট্রাকারের ধাক্কায় ফায়ার সার্ভিসকর্মী নয়ন প্রাণ হারান।
পারিবারিক সূত্রে জানা যায়, এক মেয়ে ও এক ছেলে সন্তানের মধ্যে নয়ন ছিল ছোট। সন্তান বিয়োগের ব্যথা সইতে না পেরে বুক চাপড়ে কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছেন মা নার্গিস বেগম।
নিহত সোয়ানুর জামান নয়ন (২৪) রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান আটপড়িয়া গ্রামের কৃষক আখতারুজ্জামানের ছেলে। দুই বছর ধরে ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন তিনি।
নিহতের স্বজনরা ভাষ্য নয়নই ছিল পরিবারের ভরসা। তাকে ঘিরেই স্বপ্ন দেখতেন তার মা-বাবা ও বোন। কিন্তু হঠাৎ এমন মৃত্যুতে যেন পুরো পরিবার নিঃস্ব হয়ে গেল। এমন মৃত্যু তারা মেনে নিতে পারছেন না।
সচিবালয়ে লাগা আগুন নেভানোর সময় ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের ইউনিটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কে বেরিকেড না দেওয়ায় সেই সড়ক দিয়ে ট্রাক ঢুকে পড়ায় এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ নিহতের স্বজনদের। ট্রাকচালককে অতি দ্রুত বিচারিআওতায় আনা এবং নয়নের অসহায় পরিবারের পাশে যেন সরকার দাঁড়ায়, সেই দাবি জানান তারা।



