ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডপশ্চিমবঙ্গে সরকার গঠনের তোড়জোড়, কলকাতায় অমিত শাহ

পশ্চিমবঙ্গে সরকার গঠনের তোড়জোড়, কলকাতায় অমিত শাহ

আন্তার্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনকে ঘিরে কলকাতাজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। নতুন সরকার গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে শুক্রবার সকালে কলকাতায় পৌঁছেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁকে ঘিরে বিমানবন্দর থেকে শুরু করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।

সকাল ১১টার পর কলকাতা বিমানবন্দরে নামেন অমিত শাহ। সেখানে তাঁকে স্বাগত জানান পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যসহ দলের শীর্ষ নেতারা।

বিমানবন্দর থেকে সরাসরি দক্ষিণেশ্বর কালী মন্দিরে যান অমিত শাহ। সেখানে পূজা-অর্চনা শেষে তিনি নিউ টাউনের একটি হোটেলে ফিরে আসেন। একই দিনে কলকাতায় পৌঁছেছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংও।

দক্ষিণেশ্বর থেকে ফিরে নিউ টাউনের হোটেলে বিজেপির রাজ্য নেতাদের সঙ্গে একাধিক ঘরোয়া বৈঠকে বসেন অমিত শাহ। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপির জয়ী ২০৭ জন বিধায়ককে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠক থেকেই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে সরকার গঠন প্রক্রিয়ায় সহায়তা করতে উপস্থিত রয়েছেন ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিও।

এদিকে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেখানে তিনটি পৃথক মঞ্চ তৈরি করা হয়েছে। মাঝের মূল মঞ্চে নতুন সরকারকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল। শপথ শেষে স্বাক্ষরের জন্য রাখা হয়েছে বিশেষ রাইটিং ডেস্ক।

মঞ্চের এক পাশে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের বসার ব্যবস্থা করা হয়েছে। অন্য পাশে থাকবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। আলাদা দুটি মঞ্চে বসবেন আমন্ত্রিত অতিথিরা।

দলীয় সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী হিসেবে যাঁকেই নির্বাচিত করা হোক না কেন, শুক্রবার সন্ধ্যায় নবনির্বাচিত বিধায়কদের নিয়ে রাজভবনে যাবেন তিনি। সেখানে রাজ্যপালের কাছে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানানো হবে। এরপর শনিবার সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনসহ বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের। পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান মেয়াদ শেষ হওয়ায় ইতোমধ্যে বিধানসভা ভেঙে দেওয়া হয়েছে। বুধবার ছিল মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের তৃতীয় মেয়াদের শেষ দিন। সাংবিধানিক সময়সীমা শেষ হওয়ার পর ভারতের সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের ২ নম্বর ধারার ‘খ’ উপধারার ক্ষমতা প্রয়োগ করে রাজ্যপাল আর এন রবি ৭ মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দেন। এর ফলে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করলেও মমতা ব্যানার্জি আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে নেই।

ঢাকানিউজ/নাজ/২৪

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular