নিজস্ব প্রতিবেদক : জিয়াউর রহমান ফাউন্ডেশন সব সময়ই মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার অসীম। তিনি বলেন, “বিশেষ করে করোনা মহামারির সময় আপনারা দেখেছেন, ফাউন্ডেশন থেকে রুগীদের জন্য এম্বুলেন্স, প্রয়োজনীয় ওষুধ এবং অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়েছিল। আমরা সবসময়ই চেষ্টা করেছি মানুষের কষ্টে পাশে দাঁড়াতে।”
রোববার (২২ জুন) বিকেলে রাজধানীর গ্রীনরোড এলাকায় ধানমন্ডি থানা বিএনপির উদ্যোগে রিকশাচালকদের মাঝে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্ষাকালে খোলা আকাশের নিচে কষ্ট করে চলা এই শ্রমজীবী মানুষের কথা চিন্তা করে এ উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে ব্যারিস্টার অসীম আরও বলেন, “বর্তমানে এই বৃষ্টির দিনে রিকশা চালক ভাইদের কথা বিবেচনা করেই আমরা এই রেইনকোট বিতরণের ব্যবস্থা করেছি। এছাড়াও ফাউন্ডেশনের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান, বৃক্ষরোপণসহ নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়। আমাদের দলের নেতাকর্মীদের আমি আহ্বান জানাব—মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই জনগণের পাশে দাঁড়ান।”
তিনি আরও বলেন, “আমরা প্রত্যাশা করি, বর্তমান সরকার খুব শিগগিরই একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের প্রত্যাশিত গণতন্ত্র ফিরিয়ে আনবে এবং দেশের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটাবে।”
অনুষ্ঠানে ধানমন্ডি থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা রিকশাচালকদের হাতে রেইনকোট তুলে দেন এবং এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আশ্বাস দেন।



