ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষাবাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষার হলে খাইরুল

বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষার হলে খাইরুল

বাবার মৃত্যুর শোক বুকে চেপে রেখেই এসএসসি পরীক্ষায় বসতে হলো খাইরুল বেপারী নামের এক শিক্ষার্থীকে। বুধবার সকালে বাবা আমজেদ বেপারীর (৬৩) মরদেহ বাড়িতে রেখেই সে পরীক্ষাকেন্দ্রে যায়।

খাইরুল বরগুনা জেলার বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী। তার বাবার নাম আমজেদ বেপারী। তিন ভাই-বোনের মধ্যে খাইরুল সবচেয়ে ছোট। তাদের বাড়ি বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভাগলের পাড় গ্রামে।

এলাকাবাসী জানায়, বুধবার সকালে বাবার মরদেহ বাড়িতে রেখেই খাইরুল তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ে পরীক্ষা দিতে যায় বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। সে ৬ নম্বর কক্ষে পরীক্ষা দেয়। আসর নামাজের পর তার বাবার দাফন করা হবে।

পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান বলেন, ‘মৃত্যুর খবর শুনে আমি খাইরুলের বাড়িতে যাই। তাকে মানসিকভাবে সান্ত্বনা দেই। পরে সে সাহস নিয়ে পরীক্ষায় অংশ নেয়।’

খাইরুলের পরিবার সূত্রে জানা যায়, আমজেদ বেপারী বুধবার রাত ৩টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। কিছুক্ষণের মধ্যে মারা যান তিনি। আমজেদ বেপারী পেশায় দিনমজুর ছিলেন। তার উপার্জিত অর্থ দিয়েই সন্তানদের পড়ালেখার খরচ চলতো। আমজাদের মৃত্যুতে তার পরিবার অসহায়ত্বের মধ্যে পড়ে গেল।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী বলেন, ‘খাইরুল বাবার মৃত্যুর খবর আমরা পেয়েছি। সে যেন সব পরীক্ষায় অংশ নিতে পারে এবং ভালোভাবে পরীক্ষা দিতে পারে, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে খোঁজ-খবর রাখা হবে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular