ঢাকা প্রতিনিধি : পুলিশে বিগত সময়ে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, তা অনেকাংশে গুছিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
শুক্রবার দুপুরে রাজধানীর খিলক্ষেতে নতুন পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, ‘২০২০-২১ সালে করোনার কারণে এবং পরবর্তী রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে পুলিশ সপ্তাহ সঠিকভাবে উদ্যাপন করা যায়নি। নতুন সরকারের আমলে নতুন আঙ্গিকে পুলিশ সপ্তাহ উদ্যাপন করা হবে। পুলিশে যে বিশৃঙ্খল অবস্থা ছিল, সেটা অনেকাংশে আমরা গুছিয়ে আনতে সক্ষম হয়েছি।’
তিনি আরও বলেন, পুলিশকে আরও সুশৃঙ্খল ও জনবান্ধব করার লক্ষ্যেই বর্তমান কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত দিকনির্দেশনা দিচ্ছেন।
নতুন প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী একটি আধুনিক পুলিশ বাহিনী গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন আইজিপি।
পুলিশের পোশাক ও অভ্যন্তরীণ সংস্কার প্রসঙ্গে আলী হোসেন ফকির বলেন, বর্তমানে পুলিশের পোশাকে কিছু পরিবর্তন আনা হয়েছে।
তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নই এখন অগ্রাধিকার।
তিনি দাবি করেন, পুলিশের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে সরকার ইতিবাচক মনোভাব দেখাচ্ছে এবং আমলাতান্ত্রিক জটিলতাও আগের তুলনায় কমেছে।
আবাসন ও জনবল সংকটের কথা তুলে ধরে আইজিপি বলেন, দেশে বর্তমানে প্রায় ২ লাখ ২০ হাজার পুলিশ সদস্য থাকলেও আবাসনের ব্যবস্থা রয়েছে মাত্র প্রায় ১ লাখ ৫ হাজার জনের জন্য। এ ঘাটতি পূরণে সরকার কাজ করছে এবং নতুন অর্থবছরে এ বিষয়ে অগ্রগতি আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, খিলক্ষেত বা আশপাশ এলাকায় স্থায়ী পুলিশ উপস্থিতি নিশ্চিত করা গেলে অপরাধ প্রতিরোধ আরও কার্যকর হবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হবে।
আইজিপি বলেন, পুলিশ এখন প্রযুক্তিনির্ভর ও আধুনিক জনবান্ধব ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই লক্ষ্য।
তিনি মিডিয়া ও জনগণের সহযোগিতা কামনা করে বলেন, টেকসই আইনশৃঙ্খলা রক্ষায় তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি।
ঢাকানিউজ/নাজ/২৪




