ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশভালুকায় নিহত দীপু দাসের পরিবারের দেখভালের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে : শিক্ষা...

ভালুকায় নিহত দীপু দাসের পরিবারের দেখভালের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে : শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : গণপিটুনিতে কারখানা শ্রমিক দিপু চন্দ্র দাসের সন্তান ও স্ত্রী এবং বাবা-মায়ের দেখভালের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। তিনি বলেন ‘আমি আসার আগে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা হয়েছে। তিনি আমাকে পরিবারটির সঙ্গে কথা বলতে বলেছেন। পরিবারের কী চাহিদা, তা পরিবারের সঙ্গে আলাপ করে নিরূপণ করা হবে। আমাদের স্থানীয় প্রশাসন আছে, তাদের মাধ্যমে এই যোগাযোগ হবে।’

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে তারাকান্দা উপজেলার মোকামিয়াকান্দা গ্রামে দীপু চন্দ্র দাসের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন শিক্ষা উপদেষ্টা। এ সময় দীপু দাসের বাবা রবি চন্দ্র দাস নিজেদের অসহায় অবস্থার কথা তুলে ধরে উপদেষ্টার কাছে ছেলের হত্যাকারীদের বিচার দাবি করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন, তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এস এম নাজমুস ছালেহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহের ভালুকায় ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে গণপিটুনিতে কারখানা শ্রমিক দিপু চন্দ্র দাশ (৩০) হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। একইসঙ্গে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

অন্তর্বর্তী সরকারের পক্ষে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার ময়মনসিংহে দিপু চন্দ্র দাসের পরিবারের সদস্যদের সঙ্গে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সাক্ষাৎ করেন। এ সময় তিনি সরকারের পক্ষ থেকে সমবেদনা জানান এবং এই দুঃসময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিপু চন্দ্র দাসকে হত্যার ঘটনাটি একটি ঘৃণ্য অপরাধ, যার কোনো যুক্তি বা গ্রহণযোগ্যতা নেই। অভিযোগ, গুজব কিংবা বিশ্বাসগত পার্থক্য—কোনো কিছুই সহিংসতার অজুহাত হতে পারে না। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই।

অন্তর্বর্তী সরকার আইনের শাসনের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জানায়, অপরাধ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার একমাত্র কর্তৃত্ব রাষ্ট্রেরই রয়েছে এবং তা যথাযথ আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়েই হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং কোনো ব্যত্যয় ছাড়াই মামলাটি পূর্ণাঙ্গভাবে এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের সহিংসতার বিরুদ্ধে আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে।

সরকার সব নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও সমান সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ম, জাতিগোষ্ঠী বা পরিচয় নির্বিশেষে সবাই আইনের সমান সুরক্ষা পাবে। একইসঙ্গে সব সম্প্রদায়, প্রতিষ্ঠান ও নেতৃবৃন্দকে সহিংসতা প্রত্যাখ্যান, বিভাজন ও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধ এবং সংযম, মানবিকতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, দিপু চন্দ্র দাসের পরিবারকে আর্থিক ও কল্যাণ সহায়তা দেওয়া হবে এবং আগামী দিনগুলোতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার সব নাগরিকের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে তার দৃঢ় অঙ্গীকার পুনরায় ব্যক্ত করছে।

এদিকে আলোকচিত্রী শহিদুল আলমের নেতৃত্বে দিনভর বিভিন্ন মানবাধিকার সংগঠনের পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো দীপু দাসের পরিবারের খোঁজ নেয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular