নিউজ ডেস্ক:বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত পৌনে ১১টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায় মধ্যরাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির মোটরসাইকেল ও প্রাইভেটকারের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।
নিহত ব্যক্তিরা হলেন- আওলাদ হোসেন (২৩), হাবিল (২৪) ও কাইয়ুম (২২)। আহত ব্যক্তির নাম ইমন (২০)।
হাইওয়ে পুলিশ এসব তথ্য নিশ্চিত করে। হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম সিদ্দিক জানান, শ্রীনগর থেকে কাজ শেষ তিন বন্ধু একসাথে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে মহাসড়কের নিমতলা এলাকায় শ্রীনগরগামী অজ্ঞাত একটি প্রাইভেট কারের সাথে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। গুরুতর অবস্থায় একজনকে উদ্ধার করে প্রথমে পাঠানো হয় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠান জরুরি বিভাগের চিকিৎসকরা।
পুলিশ ধারণা করছে, হতাহতদের মধ্যে তিনজন মোটরসাইকেলের যাত্রী ও একজন সাধারণ পথচারী। মাত্রা অতিরিক্ত গতি অথবা অজ্ঞাত প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।
ঢাকা নিউজ/এস



