গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধি:মাদক ও চাঁদাবাজের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন ময়মনসিংহ-১০ গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।তিনি বলেন,বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনে কোন মাদক ব্যবসায়ী,মাদকসেবী,চাঁদাবাজ,সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের ঠাঁই হবেনা।শনিবার(১৯সেপ্টেম্বর)বিকেলে র্যাংলার কিরণ দে মডেল কলেজ মাঠে গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে গফরগাঁও এবং দক্ষিণ গফরগাঁওয়ের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি বিএনপি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি।এই বাংলাদেশে ফ্যাসিবাদ আওয়ামী লীগের মতো কোন মাদক ব্যবসায়ী,মাদকসেবী,চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের আর দেখতে চাই না। যদি আমাদের দলের কোনো নেতাকর্মীদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠে তাহলে দল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবে।তিনি আরও বলেন, গফরগাঁও এবং দক্ষিণ গফরগাঁও উপজেলাকে আলোকিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় আমি কাজ করে যাচ্ছি।ইতোমধ্যে এ সংসদীয় আসনে উন্নয়নমুলক কাজের জন্য প্রায় সাড়ে তিন শত কোটি বরাদ্দ আনা হয়েছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো.ইসহাকের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক,দক্ষিণ গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক একেএম আনসার উদ্দিন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ্ আব্দুল্লাহ আল মামুন,পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস সালাম বেপারীসহ ইউনিয়ন পর্যায়ে বিএনপি নেতৃবৃন্দ।




