আরও এক মাস সময় চেয়েছে তদন্ত সংস্থা; আগামী ২৯ নভেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ২৯ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিত ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আদালতে প্রসিকিউশনের পক্ষে মামলার অগ্রগতি তুলে ধরেন প্রসিকিউটর জহিরুল আমিন। তিনি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও এক মাস সময় চান।
প্রসিকিউটর জহিরুল আমিন আদালতকে জানান, এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিলের জন্য আরও সময় চেয়েছে। এ কারণে প্রসিকিউশনের পক্ষ থেকে সময় বাড়ানোর আবেদন করা হয়।
পরে আদালত আগামী ২৯ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ নির্ধারণ করেন।



