চন্দ্রগঞ্জ ও ভবানীগঞ্জে মোবাইল কোর্টের অভিযান, বিদ্যালয়ের প্রবেশপথ দখল করে গড়ে তোলা দোকান উচ্ছেদ
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার ও ভবানীগঞ্জ চৌরাস্তা বাজারে মোবাইল কোর্টের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফটক বন্ধ করে স্থাপন করা একটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
রোববার (২৫ অক্টোবর) জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন এবং হোটেল ও রেস্তোরাঁ আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন চন্দ্রগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন নিপা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ রক্ষা এবং আইন লঙ্ঘন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



