বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর; পলাতক পরিবারের কর্তা
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলায় ১ হাজার ৩২০ পিস ইয়াবাসহ মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের কমর উদ্দিন জমাদার বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন মরিয়ম বেগম (৪০) ও তাঁর মেয়ে মুক্তা মণি (১৯)। তাঁরা ওই এলাকার বাসিন্দা জহিরুল ইসলামের স্ত্রী ও মেয়ে। তবে অভিযানের সময় জহিরুল ইসলাম পলাতক ছিলেন বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) আদনান আরিফ রিফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে জহিরুল ইসলামের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় ঘর থেকে ১ হাজার ৩২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবা উদ্ধারের ঘটনায় মরিয়ম বেগম ও মুক্তা মণিকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।



