ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকশতভাগ দাবি না মানলে ইরানে পূর্ণাঙ্গ যুদ্ধের হুমকি ট্রাম্পের

শতভাগ দাবি না মানলে ইরানে পূর্ণাঙ্গ যুদ্ধের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কাছ থেকে নিজেদের শতভাগ দাবি আদায় না হলে দেশটির বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করার কথা বিবেচনা করছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রবিবার (২৬ জুলাই) ফরাসি বার্তা সংস্থা ‘এলসিআই’-কে দেওয়া এক ফোনালাপে ট্রাম্প বলেন, ‘আমরা যদি আমাদের চাওয়া ১০০ ভাগ না পাই, তবে অবশ্যই আমরা ইরানের বিরুদ্ধে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করার বিষয়টি বিবেচনা করব।’

সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-এর একটি প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প শুক্রবার মার্কিন সামরিক বাহিনীকে ইরানে নতুন কোনো হামলা না চালানোর নির্দেশ দেন, যা টানা দুই সপ্তাহের দৈনন্দিন হামলার ধারাবাহিকতায় ইতি টানে। টানা ১৩ দিন হামলা অনুমোদন করার পর ট্রাম্প শুক্রবারের সামরিক পরিকল্পনাটি নাকচ করেন। তবে এই বিরতি সাময়িক নাকি এটি মার্কিন নীতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত, তা এখনো স্পষ্ট নয়।

ফোনালাপে ইউরোপীয় মিত্রদের জন্য কোনো বার্তা আছে কি না-এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘তারা ভাগ্যবান যে আমাকে তারা বন্ধু হিসেবে পেয়েছে।’

তবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর নতুন কোনো শুল্ক আরোপ করবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে মন্তব্য করতে চাই না। আপনাকে অসংখ্য ধন্যবাদ।’

অবশ্য এর আগেই গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়ে অভিযোগ তোলেন যে, এই জোটটি অযৌক্তিকভাবে মার্কিন টেক জায়ান্টদের ওপর কোটি কোটি ডলারের জরিমানা আরোপ করছে।

ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘অ্যাপল, মেটা, আমাজন ও গুগলের মতো প্রতিষ্ঠানের ওপর জরিমানা আরোপের এই অবৈধ ও চরম নৈতিকতাহীন আচরণের জন্য ইউরোপীয় ইউনিয়নকে চড়া মূল্য দিতে হবে।’

তিনি আরও যোগ করেন, ইইউ কর্তৃক আরোপিত এসব জরিমানা সম্পূর্ণ বাতিল করতে হবে এবং খুব শিগগিরই তার প্রশাসন ইউরোপীয় ইউনিয়নের ওপর উল্লেখযোগ্য শুল্ক আরোপ করতে যাচ্ছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular