বরিশাল প্রতিবেদক: সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। শুধু পেশাগত নিষ্ঠাই এ দায়িত্ব পালনের জন্য যথেষ্ট নয়; সত্যনিষ্ঠ সাংবাদিকতার জন্য নৈতিকতা, দেশপ্রেম ও মানুষের প্রতি ভালোবাসা অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সম্পাদনায় প্রকাশিতব্য গৌরনদীর প্রথম সরকারি ডিক্লারেশনপ্রাপ্ত সাপ্তাহিক পত্রিকা ‘গৌরনদী পরিক্রমা’-এর প্রকাশনা উৎসব উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থেকে সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। একই সঙ্গে পেশাগত সততা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমকে ধারণ করে মানুষের কল্যাণে কাজ করতে হবে।
সাংবাদিকদের লেখনীতে দেশের মানুষের আশা-আকাঙ্খা, সমস্যা ও সম্ভাবনার প্রতিফলন ঘটাতে হবে উল্লেখ করে তিনি বলেন, মানবিক মূল্যবোধকে ধারণ করে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে একটি সচেতন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলায় গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, একটি পত্রিকা শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, বরং সমাজের দর্পণ এবং মানুষের আশা-আকাঙ্খা, অধিকার ও সম্ভাবনার প্রতিচ্ছবি। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের অসংগতি, অনিয়ম ও দুর্নীতি তুলে ধরার পাশাপাশি উন্নয়ন, অগ্রগতি ও ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
গৌরনদীর প্রথম সরকারি ডিক্লারেশনপ্রাপ্ত সাপ্তাহিক পত্রিকা ‘গৌরনদী পরিক্রমা’র যাত্রা এ অঞ্চলের সংবাদপত্রের ইতিহাসে একটি উল্লেখযোগ্য সংযোজন বলে তিনি উল্লেখ করেন। পত্রিকাটি স্থানীয় মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা, শিক্ষা-সংস্কৃতি, উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম, বরিশাল উত্তর জেলা বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব এবং গৌরনদী উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।




