নিউজ ডেস্ক: বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাঈন আহমেদ। তবে তিনি এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রয়েছেন। তার শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় অজ্ঞান অবস্থায় কফ জমে যাওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।
বুধবার রাতে মাঈন আহমেদ বলেন, ‘মেঘমল্লার বসুর অবস্থা আগের চেয়ে ভালো। এখনো আইসিইউতে আছেন। ডাক্তারদের বক্তব্য অনুযায়ী, কালকে (বৃহস্পতিবার) তাঁর জ্ঞান ফিরতে পারে।’
মেঘমল্লার বসুর আইসিইউতে থাকার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘ওনার অন্য কিছু শারীরিক জটিলতা ছিল। ওনার ইমিউনিটি এমনিতেই খারাপ। ফুসফুসে কফ জমেছিল, সেগুলো পরিষ্কার করা দরকার ছিল। অজ্ঞান অবস্থায় কাশতে পারেননি। ফলে আরও জটিলতা তৈরি হয়েছিল। এসব শারীরিক জটিলতার কারণে তাঁকে আইসিইউতে রাখা হয়েছে।’
তিনি বলেন, ‘ওয়াশ করার পরে তাঁকে ওয়ার্ডে রাখা হয়েছিল। পরে শারীরিক জটিলতার কারণে আইসিইউতে নেওয়া হয়।’
হাসপাতাল সূত্র জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে মেঘমল্লার বসুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁর পরিচিত লোকজন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা বিষক্রিয়ার আশঙ্কায় তাঁর পাকস্থলি ওয়াশ করেন।



