ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকইরানে ল্যাভরভ, সম্পর্ক আরও জোরদারে রাশিয়ার বার্তা

ইরানে ল্যাভরভ, সম্পর্ক আরও জোরদারে রাশিয়ার বার্তা

নিউজ ডেস্ক: ইরানের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখার বার্তা দিয়েছে রাশিয়া। তেহরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিয়ে আলোচনা করেছেন।

সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত বৈঠকে পেজেশকিয়ান রাশিয়ার সঙ্গে জ্বালানি, পরিবহন, বাণিজ্য ও বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে চুক্তি দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সমন্বয় আরও জোরদারের কথাও বলেন তিনি।

ল্যাভরভ জানান, বর্তমান কঠিন পরিস্থিতির মধ্যেও ইরানের সঙ্গে অর্থনৈতিক চুক্তি ও যৌথ প্রকল্প বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনায় বাণিজ্য, জ্বালানি ও পরিবহনসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র গুরুত্ব পেয়েছে।

আরাঘচির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ল্যাভরভ আলোচনার মাধ্যমে আঞ্চলিক সংকট সমাধানের পক্ষে অবস্থান জানান। আরাঘচিও বলেন, ইরান ও রাশিয়া মনে করে বর্তমান আঞ্চলিক সমস্যার কোনো সামরিক সমাধান নেই; কূটনৈতিক ও রাজনৈতিক পথেই সমাধান খুঁজতে হবে।

এ সফর এমন সময়ে হলো, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া ও ইরান—উভয় দেশের সম্পর্কেই বড় ধরনের ভূরাজনৈতিক টানাপোড়েন চলছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন রুশ নিষেধাজ্ঞা প্যাকেজের বাস্তবায়ন স্থগিত করেছেন। ফলে ওয়াশিংটন-মস্কো সম্পর্কের সম্ভাব্য পরিবর্তনের মধ্যেও তেহরানের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব ধরে রাখার চেষ্টা করছে রাশিয়া।-

ইরান ও রাশিয়া ২০২৫ সালে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করে। তবে এতে পারস্পরিক সামরিক প্রতিরক্ষার বাধ্যবাধকতা নেই। বর্তমান সংঘাতের মধ্যে মস্কো একদিকে তেহরানের সঙ্গে সহযোগিতা বজায় রাখছে, অন্যদিকে সংকট নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়ার আগ্রহও প্রকাশ করছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular