ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডসমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে হতাশাগ্রস্ত একটি গোষ্ঠী: মির্জা ফখরুল

সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে হতাশাগ্রস্ত একটি গোষ্ঠী: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী সমাজকে সব সময় অস্থির রাখতে চায় এবং ছোটখাটো ইস্যুতে গোলযোগ সৃষ্টির চেষ্টা করে।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে জেলা প্রশাসন।

মির্জা ফখরুল বলেন, ‘জুলাইয়ে আমাদের সন্তানেরা সবাই মিলে যে লড়াইটা করল, আমরা একে বলি জুলাই যুদ্ধ। পরিবর্তন এসেছে, নতুন নির্বাচন হয়েছে। মানুষ নতুন সরকারের প্রতি আশা নিয়ে আছে। যারা ফ্যাসিস্ট ছিল তারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। অর্থনীতিকে বিদেশে লুটপাট করে নিয়ে গেছে। ব্যাংকগুলোকে লুটপাট করেছে। প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে। এর বিরুদ্ধে লড়াই করেই আমরা আজ এই অবস্থায় এসেছি।’

তিনি আরও বলেন, কেউ কেউ এই পরিবর্তনকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে এবং ছোটখাটো ইস্যুতে অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তবে দেশকে আর কোনো গোলযোগের দিকে নিতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি।

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করে মির্জা ফখরুল বলেন, তাঁর বাবা রাজনৈতিক জীবনের পাশাপাশি নিয়মিত রবীন্দ্রসাহিত্য চর্চা করতেন। তিনি বলেন, রবীন্দ্রনাথের সাহিত্য বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল এবং তাঁর লেখা আজও প্রাসঙ্গিক।

তিনি আরও বলেন, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে সংগ্রামের মধ্য দিয়ে এবং গণতন্ত্রও ফিরেছে আন্দোলনের মাধ্যমে। তাই ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনা ভুলে না যাওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী, সংস্কৃতি প্রতিমন্ত্রী, সংসদ সদস্যরা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

ঢাকানিউজ/নাজ/২৪

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular