জবাবদিহি ও স্বচ্ছতা বাড়াতে ২০২৬-২৭ অর্থবছরের কর্মসম্পাদন পর্যালোচনা করেছে মন্ত্রিসভা কমিটি।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (জিপিএমএস) সহজীকরণ এবং মধ্যমেয়াদি বাজেট কাঠামো (এমটিবিএফ) নিয়ে পরামর্শ দিতে নতুন একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে এ কমিটি গঠন করা হবে।
রোববার (১ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জিপিএমএস বাস্তবায়নে গঠিত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সভায় জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবেরা উপস্থিত ছিলেন।
সভায় জিপিএমএস বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ২০২৬-২৭ অর্থবছরের কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ২০২৫-২৬ অর্থবছরে বাস্তবায়িত এ পদ্ধতির মূল্যায়ন প্রতিবেদনও পর্যালোচনা করা হয়।
সভায় সরকারি দপ্তরগুলোতে সুশাসন প্রতিষ্ঠা, সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সময়াবদ্ধ পরিকল্পনা প্রণয়ন এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর পরিবীক্ষণ ও মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সরকারি চাকরিতে স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে জিপিএমএস চালু করা হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ২০ ধারা এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪-এর ২৫৫ নম্বর নির্দেশনার আলোকে এ পদ্ধতি প্রবর্তন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে ৫২টি মন্ত্রণালয় ও বিভাগ, ৩৮৬টি দপ্তর ও সংস্থাসহ বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের মাঠপ্রশাসনে জিপিএমএসের কার্যক্রম চালু রয়েছে।



