নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তরসহ সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।
বিপুলসংখ্যক এসব পদ পূরণে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে সরকার। শূন্য পদে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে নিয়োগ নিশ্চিত করতে সব মন্ত্রণালয় ও বিভাগকে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানানো হয়।
নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের লিখিত প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে মো. আব্দুল বারী এ তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সংসদ সদস্যের প্রশ্নের জবাবে জানানো হয়, গত ৩০ জুন ২০২৫ পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবলসংক্রান্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রকাশিত ‘স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৫’ অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীর শূন্য পদের সংখ্যা ৫ লাখ ২১ হাজার ৯২২টি।
এসব পদ পূরণে সরকারের উদ্যোগের বিষয়ে উত্তরে বলা হয়, বর্তমান সরকার ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। এর মধ্যে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের পরিকল্পনা রয়েছে।
নিয়োগ কার্যক্রমের অগ্রগতি এবং শূন্য পদে নিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠানো হয়েছে। দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং শূন্য পদের বিপরীতে নিয়োগের সময়াবদ্ধ পরিকল্পনা প্রণয়নের জন্যও সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
জবাবে আরও জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয় ও বিভাগ ইতোমধ্যে নিয়োগ কার্যক্রম শুরু করেছে।



