বিশেষ প্রতিনিধি: নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং বিভিন্ন যৌথ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। নৌ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে নৌপরিবহন অধিদপ্তরের পক্ষে মহাপরিচালক কমডোর মোঃ শফিউল বারী, (এনডি), ওএসপি, এনডিসি, পিএসসি, বিএন এবং বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে ডাইরেক্টর, নেভাল অপারেশন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর সহকারী প্রধান (অপারেশন) রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং নৌপরিবহন অধিদপ্তরের পক্ষে চীফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন মোঃ গিয়াসউদ্দীন আহমেদ, চীফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমান, ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার অ্যান্ড এক্সামিনার মোহাম্মদ ওবায়েদ উল্লাহ ইবনে বশির উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে উভয় প্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তিগত সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে বিভিন্ন যৌথ উদ্যোগ বাস্তবায়নের পথ প্রশস্ত হলো।”
বক্তারা আরও বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা এবং নীল অর্থনীতির (Blue Economy) সমৃদ্ধিতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। এ সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও গবেষণায় নতুন মাত্রা যোগ হবে বলে আশা প্রকাশ করা হয়।সমঝোতা স্মারকটি দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা ও সমন্বয় আরও সুসংহত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকা নিউজ/এস



