সীমান্তের কোমরপুর এলাকা থেকে চার বোতল তরল পদার্থ উদ্ধার, পরীক্ষায় হেরোইনের কাঁচামাল শনাক্ত
সিরাজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শাখরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে শনাক্ত চার বোতল তরল পদার্থ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পদার্থের আনুমানিক মূল্য ৭৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে শাখরা বিওপির একটি টহল দল বিশেষ অভিযান চালায়। টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সাহাবুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে শাখরা বিওপি থেকে প্রায় দেড় কিলোমিটার উত্তরে এবং সীমান্তের দেড় কিলোমিটার ভেতরে কোমরপুর এলাকা থেকে চার বোতল তরল পদার্থ জব্দ করা হয়। বোতলগুলো বিদেশি ব্র্যান্ডের মদের বোতলের মতো দেখতে ছিল। সেগুলোর গায়ে ‘J & B’ ও ‘MARTINI’ লেখা ছিল।
বিজিবি জানায়, জব্দ করা তরল পদার্থগুলো অধিকতর পরীক্ষার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে পাঠানো হয়। পরীক্ষার প্রতিবেদনে সেগুলোকে হেরোইন তৈরির অন্যতম কাঁচামাল বা রাসায়নিক পদার্থ হিসেবে শনাক্ত করা হয়েছে।
বোতলের গায়ে উল্লেখ করা মূল্য অনুযায়ী, প্রতিটির দাম ১৯ লাখ ৫০ হাজার টাকা। সে হিসাবে চার বোতলের মোট মূল্য দাঁড়ায় ৭৮ লাখ টাকা।
নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ গণমাধ্যমকে বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



