নিউজ ডেস্ক: তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে গতকাল শুক্রবার শেষ হলো হজের আনুষ্ঠানিকতা। পবিত্র হজ পালন শেষে এবার হাজিদের দেশে ফেরা শুরু হয়েছে। ৪৪৫ জন হাজিকে নিয়ে দেশে ফিরেছে চলতি বছরের প্রথম ফ্লাইট।
এর আগে সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় সাউদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটটি।
প্রথমদিনে ১৩টি ফ্লাইটে দেশে ফিরবেন ৫ হাজার ৪৩৪ জন হাজি।
বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে শেষ ফ্লাইটটি সৌদি আরবে পৌঁছায় গত ২১ মে।
গত ১৭ এপ্রিল রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ বছর সৌদি সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া ও ভিসার কাজ শেষ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
হজযাত্রী পরিবহন মসৃণ করার জন্য এয়ারলাইন্সের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ফলে কোনো সিডিউল বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী সৌদিতে পৌঁছতে পেরেছেন।
আগামী ১ জুলাই শেষ হবে হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম।




