দ্রুততম সময়ে ২১ ভরি ১২ আনা স্বর্ণালংকার উদ্ধার; পেশাগত দক্ষতা ও সাহসিকতার স্বীকৃতি
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে চারটি স্বর্ণালংকারের দোকান থেকে আত্মসাৎ হওয়া বিপুল পরিমাণ স্বর্ণালংকার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করে বিশেষ সাফল্য দেখিয়েছে জেলা পুলিশ। এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) কর্তৃক পুরস্কৃত হয়েছেন লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা এবং এসআই সাজ্জাদ হোসেন চৌধুরী।
গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে লক্ষ্মীপুর সদর থানাধীন সমসেরাবাদ ৮ নম্বর ওয়ার্ডের গোডাউন রোডে অবস্থিত তমা শিল্পালয় অ্যান্ড জুয়েলার্স, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের থানা রোডের শিবানী শিল্পালয় ও পূনম শিল্পালয় এবং স্বর্ণকার রোডের বণিক শিল্পালয় থেকে স্বর্ণালংকার আত্মসাতের ঘটনা ঘটে।
ঘটনার পরপরই পুলিশ তদন্ত ও অভিযান শুরু করে। দ্রুত ও সমন্বিত তৎপরতায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আত্মসাৎ হওয়া ২১ ভরি ১২ আনা ৫ রত্তি ২ পয়েন্ট স্বর্ণালংকার এবং ১০ আনা ৫ রত্তি ৪ পয়েন্ট রুপার অলংকার উদ্ধার করা হয়।
এ উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার পক্ষ থেকে আইজিপি মো. আলী হোসেন ফকির সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে পুরস্কৃত করেন। পরে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক তাঁদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রসঙ্গত, লক্ষ্মীপুরে যোগদানের পর থেকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও চাঁদাবাজি দমন, অপরাধীদের গ্রেপ্তার এবং সড়কের যানজট নিরসনে তাঁর ভূমিকা বিভিন্ন মহলে আলোচিত হয়েছে।
জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডে তাঁকে কখনো মাদকবিরোধী অভিযান পরিচালনা, কখনো যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন, আবার কখনো ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে মাঠে কাজ করতে দেখা যায়।
পেশাগত দক্ষতা, সাহসিকতা ও দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এর আগেও পিপিএম (প্রেসিডেন্ট পুলিশ মেডেল) পদকে ভূষিত হয়েছেন। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি নাগরিক দুর্ভোগ লাঘব ও জননিরাপত্তা নিশ্চিত করতে তাঁর মাঠপর্যায়ের ভূমিকা লক্ষ্মীপুরে তাঁকে একজন কর্মনিষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি এনে দিয়েছে।
পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, দ্রুততম সময়ে চারটি দোকানের আত্মসাৎ হওয়া স্বর্ণালংকার উদ্ধার জেলা পুলিশের অপরাধ দমন কার্যক্রমে একটি উল্লেখযোগ্য সাফল্য। এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে জননিরাপত্তা নিশ্চিতকরণ ও জনবান্ধব পুলিশিং আরও গতিশীল হবে।



