ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলা৩০ বছর পর বার্সেলোনায় ফিরছে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল

৩০ বছর পর বার্সেলোনায় ফিরছে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল

ক্রীড়া ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর আবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হতে যাচ্ছে বার্সেলোনায়। ২০২৯ সালের পুরুষ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আয়োজনের চূড়ান্ত দায়িত্ব পেয়েছে কাতালানদের ঐতিহ্যবাহী স্টেডিয়াম ক্যাম্প ন্যু।

গ্রিসের থেসালোনিকিতে উয়েফা কার্যনির্বাহী কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। প্রায় ৩০ বছর পর আবার ইউরোপে ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার ম্যাচ বসবে কাতালানদের এই ঐতিহাসিক মাঠে।

ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের সর্বশেষ স্মৃতি? ১৯৯৯ সালে। কী নাটকীয় এক ফাইনাল! ৬ মিনিটে গোল করে এগিয়ে যাওয়া বায়ার্ন মিউনিখ শেষ পর্যন্ত হার মেনেছিল যোগ হওয়া সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডের জোড়া গোলে।

এর আগে ২০২৮ সালের ফাইনাল হবে বায়ার্ন মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়। ২০১২ ও ২০২৫ সালের পর তৃতীয়বার চ্যাম্পিয়নস লিগ আয়োজন করতে যাচ্ছে আলিয়াঞ্জ অ্যারেনা। এর আগে মিউনিখের অলিম্পিক স্টেডিয়ামেও তিনবার হয়েছে ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব নির্ধারণী ম্যাচ।

আর চলতি মৌসুমের ফাইনাল যে আতলেতিকো মাদ্রিদের মেত্রোপোলিতানো স্টেডিয়ামে হবে, সেটা তো অনেক আগেই নির্ধারিত।

ক্যাম্প ন্যুতে খেলা ফিরলেও সংস্কারকাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। গ্যালারির তৃতীয় স্তর নির্মাণ এবং ছাদ বসানোর কাজ এখনো বাকি। পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের মধ্যেই শেষ হবে সব কাজ। তখন স্টেডিয়ামের ধারণক্ষমতা দাঁড়াবে প্রায় ১ লাখ ৫ হাজার।

থেসালোনিকিতে একই সভায় উয়েফা আরও কয়েকটি টুর্নামেন্টের ভেন্যুও ঘোষণা করেছে। নারী চ্যাম্পিয়নস লিগের ২০২৮ ফাইনাল হবে ফ্রান্সের পার্ক অলিম্পিক লিওঁতে। ২০২৯ সালের আসর বসবে ওয়েলসের কার্ডিফে, ন্যাশনাল স্টেডিয়ামে।

ইউরোপা লিগের ২০২৮ ফাইনাল পাবে রোমানিয়ার বুখারেস্টের ন্যাশনাল অ্যারেনা। ২০২৯ সালে ফাইনাল হবে সার্বিয়ার বেলগ্রেডে, ন্যাশনাল স্টেডিয়ামে।

কনফারেন্স লিগের ২০২৮ ফাইনাল হবে ইতালির তুরিনে, জুভেন্টাস স্টেডিয়ামে। ২০২৯ সালে এই আসরের ফাইনাল যাবে হাঙ্গেরির বুদাপেস্টে, পুসকাস অ্যারেনায়।

এ ছাড়া ২০২৭ ও ২০২৮ উয়েফা সুপার কাপ অনুষ্ঠিত হবে যথাক্রমে আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনা ও কাজাখস্তানের আস্তানা অ্যারেনায়। ২০২৭ ফুটসাল চ্যাম্পিয়নস লিগের ফাইনাল বসবে সুইজারল্যান্ডের বিয়েল বিয়েন অ্যারেনায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular