ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালত৪৮ ঘণ্টার ব্যবধানে দুই দেশে দুই শিক্ষামন্ত্রীর পদত্যাগ

৪৮ ঘণ্টার ব্যবধানে দুই দেশে দুই শিক্ষামন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দুটি আলাদা দেশে পদত্যাগ করেছেন দুজন শিক্ষামন্ত্রী।

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের মুখে পদত্যাগ করার ঠিক দুদিন আগেই পদ ছেড়েছেন অস্ট্রেলিয়ার ক্যাপিটাল টেরিটরির (এসিটি) উপ-মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী ইভেট বেরি। 

দুটি পদত্যাগের কারণ ও প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন হলেও গণতান্ত্রিক রাজনীতিতে ‘মন্ত্রীর দায়িত্বশীলতার নীতি’র বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে।

ভারতে নিট-ইউজি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থীদের তীব্র আন্দোলন ও রাজনৈতিক চাপের মুখে শনিবার (২৫ জুলাই) পদত্যাগ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ‘ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে শিক্ষার্থীদের মাসব্যাপী দীর্ঘ আন্দোলন এবং বিরোধীদের অনড় দাবির মুখে অবশেষে পদ ছাড়তে বাধ্য হন তিনি।

অন্যদিকে, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দু’দিন আগে গত বৃহস্পতিবার (২৩ জুলাই) অস্ট্রেলিয়ার ক্যাপিটাল টেরিটরির শিক্ষামন্ত্রী ইভেট বেরি মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেন। একটি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ৮২ লাখ ডলারের সংস্কার চুক্তিতে জালিয়াতির অভিযোগে তার বিভাগের দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর দুর্নীতির প্রমাণ পায় দেশটির স্বাধীন সততা কমিশন।

কমিশন স্পষ্টভাবে জানিয়েছে যে, এই দুর্নীতির সঙ্গে ইভেট বেরির কোনো ব্যক্তিগত সম্পৃক্ততা বা ভুল ছিল না এবং তাকে সব ধরনের অভিযোগ থেকে মুক্ত রাখা হয়েছে। তা সত্ত্বেও নিজের দপ্তরের কর্মকর্তাদের ব্যর্থতার নৈতিক দায় নিয়ে পদ ছাড়েন তিনি। ইভেট বেরি বলেন, আমি কখনোই দায়িত্ব এড়াতে চাইনি। আমার দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা তদন্তের দায় আমি পুরোপুরি নিজের কাঁধে নিচ্ছি।

অস্ট্রেলিয়ায় ওয়েস্টমিনস্টার ব্যবস্থা অনুযায়ী একজন মন্ত্রীকে কেবল তার নিজ কাজের জন্যই নয়, তার মন্ত্রণালয়ের সামগ্রিক ব্যর্থতা বা দাপ্তরিক অনিয়মের জন্যও জবাবদিহি করতে হয়-ইভেট বেরির পদত্যাগ তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। একই সপ্তাহে দুই দেশে দুই মন্ত্রীর এই ইস্তফা গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক উত্তরদায়িত্ব বা জবাবদিহির গুরুত্বপূর্ণ বার্তাই বহন করে। সূত্র: এনডিটিভি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular