নিউজ ডেস্ক : অমর একুশে বইমেলা স্থগিত করেছে বাংলা একাডেমি।
রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের এক সিদ্ধান্তে বলা হয়— “অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।” সেই সিদ্ধান্তের আলোকে এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)সহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে ২০২৬ সালের অমর একুশে বইমেলার পূর্বনির্ধারিত তারিখ স্থগিত করা হয়েছে।
প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে বইমেলার নতুন তারিখ নির্ধারণ করে জানানো হবে।
এর আগে জাতীয় নির্বাচনের কারণে ২০২৬ সালের অমর একুশে বইমেলা চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে নির্বাচনের সময়সূচি ঘিরে নতুন পরিস্থিতিতে সেটি আর কার্যকর থাকছে না।
ঢাকানিউজ২৪/মহফ



