নিজস্ব প্রতিবেদক: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, বিগত সময়ে নির্বাচনী ব্যবস্থা ভেঙে যাওয়ার প্রেক্ষিতে বাংলাদেশে একদলীয় ও এক ব্যক্তির শাসন ব্যবস্থা গেঁড়ে বসেছিল। কিন্তু চব্বিশে আমাদের তরুণরা এসব অন্যায়-অবিচারের বিরুদ্ধে জেগে ওঠেছে। আমাদের দায়িত্ব হবে তরুণদের ভাষা ও দাবিগুলো মনোযোগ দিয়ে শোনা ও বাস্তবায়ন করা।
তিনি বলেন, ৭১-এ আমরা নতুন এক স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কিন্তু আমরা মুক্তিযোদ্ধাদের কাক্সিক্ষত বাংলাদেশ গড়ে তুলতে পারিনি। আমি চব্বিশের গণঅভ্যুত্থানকেও আরেক মুুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বলে মনে করি। তাই আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমাদেরকে অন্যায়-অবিচারমুক্ত গণতান্ত্রিক দেশ অবশ্যই গড়ে তুলতে হবে।
তারুণ্যের প্রত্যয়ে ভেদাভেদ মুছে সুশাসন ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ-এর অষ্টাদশ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ঢাকার সাভারে অবস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রের মিলনায়তনে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে আট শতাধিক স্বেচ্ছাব্রতী তরুণ-তরুণী উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতী সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট-এর অনুপ্রেরণায় সৃষ্ট ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ শিক্ষার্থী এবং তরুণ-তরুণীদের একটি সংগঠন।
ড. বদিউল আলম মজুমদার বলেন, তরুণদের দেখে আমি প্রতিনিয়ত অনুপ্রাণিত হই, তাদের কাছ থেকে আমি শিখি। আমরা এদেশের জন্য এক নতুন আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা সুশাসন ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমি মনে করি, আমাদের তরুণরাই হবে সেই বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর।
প্রশান্ত ত্রিপুরা বলেন, দি হাঙ্গার প্রজেক্ট মানুষের অন্তর্নিহিত ক্ষমতার বিকাশ ঘটিয়ে মানুষকে সংগঠিত ও সোচ্চার করতে চায়, মানুষকে দারিদ্র্যমুক্ত ও অধিকার সচেতন করতে চায়। হাঙ্গার প্রজেক্ট সারাদেশে একদল প্রশিক্ষিত তরুণ-তরুণী, উজ্জীবক ও নারীনেত্রী তৈরি করেছে, যাঁরা স্বেচ্ছাব্রতী মানসিকতা নিয়ে নিজেদের এবং মানুষের জীবনমানের উন্নতি ঘটাতে চায়। আমি মনে করি, আমাদের তরুণরা সকল অন্যায়-অবিচারের বিপক্ষে, সামাজিক অসমতার বিরুদ্ধে। সরকার ও রাষ্ট্রের দায়িত্ব হলো তরুণদের বিকাশের সুযোগ করে দেওয়া।
উল্লেখ্য, অনুষ্ঠানে ড. বদিউল আলম মজুমদার-এর জীবন ও কর্ম নিয়ে দি হাঙ্গার প্রজেক্ট-এর অস্ট্রেলিয়ার সাবেক কান্ট্রি ডিরেক্টর ক্যাথি বার্ক-এর লেখা টুডে আই স এ রেভুলুশন’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
সম্মেলনে সমবেত তরুণ-তরুণীরা বিগত সময়ে তাদের নিজ নিজ অঞ্চলে গৃহীত কার্যক্রমের অভিজ্ঞতা, শিক্ষণীয় দিক এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।



