ঢাকা  মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়আপনাদের করই অর্থনীতির মূল চালিকাশক্তি: প্রধান উপদেষ্টা

আপনাদের করই অর্থনীতির মূল চালিকাশক্তি: প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আপনাদের দেওয়া করই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। ধীরে ধীরে সব ধরনের কর অনলাইনে নেওয়ার প্রস্তুতি গ্রহণ করছে সরকার। এখন থেকে সহজেই অনলাইনে আয়কর জমা দেওয়া যাবে।

সোমবার (২৮ অক্টোবর) গণমাধ্যমে এক ভিডিওবার্তায় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা বলেন, ‘ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর শহরের সব কর্মকর্তা-কর্মচারী ও সব তপশিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর এবং বেশ কিছু বহুজাতিক কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য এভাবে আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আবার বলছি, বাধ্যতামূলক করা হয়েছে। দেশের বাকি সবাইকে অনলাইনে আয়কর ও ই-রিটার্ন জমা দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে।’

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘প্রিয় দেশবাসী, আয়কর নিয়ে দুটো কথা বলব। আপনাদের দেওয়া করই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। অথচ সরকারের কাছে করের টাকা জমা দিতেই পোহাতে হয় ঝামেলা। এখন থেকে ব্যাংকে লাইন দিয়ে আয়কর জমা দেওয়া বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দেওয়ার ঝামেলা করতে হবে না। আপনি ঘরে বসেই আয়কর জমা দিয়ে রিটার্ন দাখিল করবেন। এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

ড. ইউনূস বলেন, ‘কোন প্রতিষ্ঠান কত বেশি করদাতার আয়কর রিটার্ন অনলাইনে দিচ্ছে তার ভিত্তিতে রাষ্ট্রীয় পুরস্কার অর্জনের জন্য জেলায় জেলায়, শহরে শহরে প্রতিযোগিতা হোক। আপনার আত্মীয়-স্বজন, প্রতিবেশি, বন্ধু-বান্ধবকে শিখিয়ে দিন; কীভাবে ঘরে বসে ই-রিটার্ন, আয়কর জমা দিতে হয়।’

তিনি বলেন, ‘ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার প্রস্তুতি এখান থেকেই শুরু হতে পারে। ক্রমে ক্রমে সব ধরনের কর অনলাইনে সংগ্রহ করার জন্য প্রস্তুতি আমরা নিচ্ছি।’

দেশবাসীর উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের সবার জন্য এখন থেকে আয়কর দেওয়ার অভিজ্ঞতা মসৃণ ও ঝঞ্ঝাটমুক্ত হোক এই কামনা করছি।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular