কক্সবাজার প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতে স্রোতে ভেসে যাওয়া শান্ত (১২) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কোস্টগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বিচকর্মীরা তার মরদেহ উদ্ধার করেন।
নিহত শান্ত ঢাকার খিলগাঁও থানার ৯ নম্বর ওয়ার্ডের গোরান এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে।
সৈকতে দায়িত্ব পালনরত জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে একটি মাদরাসার ১৬ জন শিক্ষার্থী ইনানী সৈকতে গোসলে নামেন। এ সময় সাগরের স্রোতে তারা ভেসে যায়। পরে তাদের মধ্যে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও শান্ত নিখোঁজ ছিল।
তিনি আরও জানান, খবর পেয়ে বিচকর্মী, ট্যুরিস্ট পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা বেলা সাড়ে ১২টার দিকে সাগরে ভাসমান অবস্থায় শান্তর মরদেহ উদ্ধার করে।
ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রিমন ঘোষ বলেন, ‘এ বিষয়ে অবগত হয়েছি। খোঁজখবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে গত ১৪ অক্টোবর কক্সবাজারের হিমছড়ির পেঁচার দ্বীপ সমুদ্রসৈকত থেকে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।



