আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর দিনিপ্রোর প্রধান রেলস্টেশনের একটি প্ল্যাটফর্মে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে একটি যাত্রীবাহী ট্রেন প্ল্যাটফর্মে অবস্থান করার সময় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ।
দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দর গানজা ১৩ জন নিহত ও অন্তত পাঁচজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দিনিপ্রো থেকে দক্ষিণের শহর জাপোরিঝঝিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা একটি যাত্রীবাহী ট্রেনের প্ল্যাটফর্মে আঘাত হানে রুশ ড্রোন। হামলার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকর্মী, চিকিৎসাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছান। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইউক্রেনের রাষ্ট্রীয় রেল পরিচালনাকারী সংস্থা উক্রজালিজনিতসিয়া জানায়, দিনিপ্রো থেকে জাপোরিঝঝিয়ার পথে চলাচলকারী ৮৬৬ নম্বর ট্রেনটি স্টেশনের প্ল্যাটফর্মে থাকা অবস্থায় একটি জেটচালিত চালকবিহীন আকাশযান (ড্রোন) সেখানে আঘাত হানে। হামলার সময় প্ল্যাটফর্মে যাত্রী ও অন্যান্য মানুষ উপস্থিত ছিলেন।
সংস্থাটি আরও জানায়, ওই এলাকায় বিপদের আশঙ্কা নিয়ে সতর্কতা জারি করা হয়েছিল। তা সত্ত্বেও প্ল্যাটফর্মে মানুষ অবস্থান করছিলেন। হামলার পর উদ্ধারকাজ ও হতাহত ব্যক্তিদের সহায়তায় সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ শুরু করে।
এর আগে ২০২২ সালের এপ্রিলে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামাতোরস্ক রেলস্টেশনে ক্ষেপণাস্ত্র হামলায় ৬১ জন নিহত এবং ১৬০ জনের বেশি আহত হয়েছিলেন।



