ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআবহাওয়া/পরিবেশউন্নয়নের ধরা টেকসই করতে জনগণকে নিয়মিত গাছ লাগানোর আহ্বান

উন্নয়নের ধরা টেকসই করতে জনগণকে নিয়মিত গাছ লাগানোর আহ্বান

নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশে চলমান উন্নয়নের ধারা টেকসই করতে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। আমরা যদি প্রকৃতিকে ধ্বংস করি, প্রকৃতিও আমাদের রক্ষা করবে না। তিনি বলেন, ঢাকা শহর ও আশেপাশের এলাকার বায়ুদূষণ, শব্দদূষণ ও ধুলাবালির ভয়াবহতা রোধে আমাদের এখনই ব্যবস্থা নিতে হবে। গাছ লাগানো এই পরিবর্তনের পথের প্রথম ধাপ। শুধু চারাগাছ লাগালেই হবে না, তা রক্ষা করাও আমাদের দায়িত্ব।

১২ জুলাই শনিবার সাভারে ঢাকা জেলার পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নে সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে ‘Better Dhaka District Initiatives’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। “সবুজে বাঁচুক সাভার, নীল আকাশে উড়ুক স্বপ্ন হাজার” শ্লোগানে আয়োজিত এই কর্মসূচিতে এক দিনে এক লক্ষ চারাগাছ রোপণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঢাকা শহরের বায়ুদূষণ নিয়ন্ত্রণে সাভার ও আশপাশের এলাকায় ইটভাটা স্থাপন ও পরিচালনা নিষিদ্ধ ঘোষণা করা হবে। উপদেষ্টা তাঁর বক্তব্যে ক্ষতিকর পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার রোধে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, যেখানে সেখানে বর্জ্য পোড়ানো যাবে না। শব্দদূষণ রোধে তিনি গাড়ির হর্ন না বাজাতে ড্রাইভারদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শুধু গাছ লাগানোর মধ্যে সীমাবদ্ধ নয়, পরিবেশ ও প্রতিবেশ রক্ষার সকল কাজে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকার বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মোসাম্মাৎ মাহমুদা রোকসানা, পরিবেশ অধিদপ্তরের পরিচালক জনাব আবুল কালাম আজাদ এবং সাভার উপজেলার নির্বাহী অফিসার জনাব আবুবকর সরকার।

পরে উপদেষ্টা, সাভার উপজেলা পরিষদ চত্বরে একটি কাঠাল গাছের চারা রোপণের মাধ্যমে সাভার উপজেলায় এক দিনে ১ লক্ষ চারাগাছ রোপণের উদ্বোধন করেন। 

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular