নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিটের এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ শেষ হয়েছে। ফলে টার্মিনালটি থেকে আবারও পূর্ণমাত্রায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এতে দেশের জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের স্বাভাবিক কার্যক্রম ফিরতে শুরু করেছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুর ১টা থেকে সামিটের এলএনজি টার্মিনালে রিগ্যাসিফিকেশন কার্যক্রম পুনরায় চালু করা হয়। পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হওয়ার পর টার্মিনালটি থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বর্তমানে দেশের দুটি এলএনজি টার্মিনাল থেকেই আগের মতো জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হচ্ছে।
গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রেক্ষাপটে গ্রাহকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে পেট্রোবাংলা।
গত রবিবার (১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এ কারণে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে। অর্থাৎ, টার্মিনালটির রক্ষণাবেক্ষণ চলাকালে জাতীয় গ্রিডে দৈনিক ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম হবে। এর প্রভাবে সারাদেশে আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও বিদ্যুৎ খাতসহ বিভিন্ন শ্রেণির গ্রাহক গ্যাসের স্বল্প চাপের সমস্যায় পড়তে পারেন।
পেট্রোবাংলা ওইদিনের বিজ্ঞপ্তিতে আরও জানায়, এর আগেও গত বছরের ডিসেম্বর মাসে একই ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে ওই বিজ্ঞপ্তিতে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।



