নিউজ ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে শাস্তির মুখে পড়া ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ করা হয়েছে। রাষ্ট্রপতির কাছে করা আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের শাস্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
রবিবার (৬ সেপ্টেম্বর) এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।
শাস্তি মওকুফ পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন কমিশনার জাকির হোসেন, অতিরিক্ত কর কমিশনার হাছান তারেক রিকাবদার, মির্জা আশিক রানা, চাঁদ সুলতানা চৌধুরানী, সুলতানা হাবীব, মুরাদ আহমেদ, সিফাত ই মরিয়ম, আ আ আমীমুল ইহসান, সাধন কুমার কুণ্ডু, যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন, মামুন মিয়া, মাসুমা খাতুন, মোরশেদ উদ্দীন খান, সানোয়ারুল কবির, উপ কর কমিশনার জিল্লুর রহমান, ইমাম তৌহিদ হোসেন, সাইদুল ইসলাম, শাহাদাৎ জামিল, রাজস্ব কর্মকর্তা সবুজ মিয়া ও শফিউল বশর।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালের জুনে রাজস্ব খাতের আন্দোলনের সময় বদলির আদেশ পেয়ে তা প্রকাশ্যে ছিঁড়ে ফেলাসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন এসব কর্মকর্তা। তাঁদের বিরুদ্ধে ১৯৭৯ সালের সরকারি কর্মচারী আচরণ বিধিমালার ৩০এ বিধি লঙ্ঘন এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘অসদাচরণের’ অভিযোগ আনা হয়।
পরবর্তী সময়ে বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়। এর মধ্যে সাময়িক বরখাস্ত, বেতন গ্রেড অবনমনসহ অন্যান্য দণ্ড ছিল। পরে তাঁরা দণ্ড মওকুফের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। সেই আবেদন মঞ্জুর হওয়ার পর দণ্ডাদেশ বাতিলের সিদ্ধান্ত জানানো হয়েছে।




