নিউজ ডেস্ক: আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ৩টায় বাংলা একাডেমির মুনীর চৌধুরী সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বইমেলা কমিটির সদস্যসচিব ও বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা।
এ সময় বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিন ধরে ভাষাশহিদদের স্মরণে মাসব্যাপী অমর একুশে বইমেলা আয়োজন করে আসছে বাংলা একাডেমি। তবে এ বছর বাস্তব ও প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে নির্ধারিত সময়ে মেলা শুরু করা সম্ভব হয়নি। মেলা আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে অমর একুশে বইমেলা-২০২৬ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে এবং একাধিক বৈঠকের মাধ্যমে সর্বসম্মতভাবে ২০ ফেব্রুয়ারি শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে এ বছর স্টলভাড়া ২৫ শতাংশ কমানো হয়েছে, যদিও সার্বিকভাবে মেলা আয়োজনের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানানো হয়।
বাংলা একাডেমির পক্ষ থেকে বলা হয়, মেলার ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নির্বাচন, সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ, স্টল নির্মাণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসূচি চূড়ান্তসহ প্রস্তুতির প্রায় ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। সম্ভাব্য আলোচক ও প্রবন্ধকারদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এবারের বইমেলায় স্টলের জন্য গত বছরের ৫২৭টি প্রতিষ্ঠানের পাশাপাশি নতুন করে ৫৩টি প্রতিষ্ঠান আবেদন করেছে। স্থান সংকুলানের সীমাবদ্ধতায় গত বছরের ৫২৭টি এবং নতুন ২৪টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দের জন্য নির্বাচন করা হয়েছে। এ ছাড়া বড় আকারের স্টলের জন্য ৫৬টি প্রতিষ্ঠান আবেদন করেছে এবং সরকারি-বেসরকারি শতাধিক প্রতিষ্ঠান অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কিছু প্রকাশক ঈদের পর বইমেলা আয়োজনের প্রস্তাব দিলেও তা বাস্তবসম্মত নয়। এপ্রিলে তীব্র তাপপ্রবাহ, ধুলোবালি, কালবৈশাখী ও বৃষ্টিপাতের ঝুঁকি থাকায় মাসব্যাপী বইমেলা আয়োজন কঠিন হবে বলে মত দেয় বাংলা একাডেমি।
সব দিক বিবেচনায় নিয়ে ২০ ফেব্রুয়ারি থেকেই বইমেলা শুরু করার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে বলে জানানো হয়। এ সময় ভিন্নমত পোষণকারী প্রকাশকদের কিছুটা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বইমেলায় অংশ নেওয়ার আহ্বান জানায় একাডেমি কর্তৃপক্ষ।




