নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য নৌকাবাইচ।
শুক্রবার (২১ আগস্ট) ঐতিহ্যবাহী এ আয়োজনকে ঘিরে বুড়িগঙ্গার দুই তীরে শত শত নৌকা ও ট্রলারে করে পরিবার-পরিজন নিয়ে জড়ো হন নগরবাসী। নৌকার বৈঠার ছন্দ, দর্শনার্থীদের উচ্ছ্বাস আর নদীর দুই পাড়ের মানুষের ভিড়ে বুড়িগঙ্গা হয়ে ওঠে উৎসবের মিলনমেলা।
শুক্রবার বেল ৩টায় বুড়িগঙ্গার খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ৬টি নৌকাবাইচের দল এতে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে সোয়ারীঘাট প্রাঙ্গণে শতবর্ষী ঐতিহ্যবাহী স্টিমার ‘পিএস মাহমুদ’-এ আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
নৌকাবাইচের উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, নৌপরিবহণ মন্ত্রণালয় এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘ঢাকার চারপাশের নদ-নদী দখল ও দূষণমুক্ত করে নৌচলাচল অবাধ, সচল ও নিরাপদ করতে সরকার কাজ করছে। বুড়িগঙ্গা, বালু ও ধলেশ্বরীসহ নদীগুলোকে দূষণমুক্ত রাখতে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে নিয়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।’
বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরায় ডিএসসিসির উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, ‘নদীর পাড় সৌন্দর্যবর্ধনের মাধ্যমে সাধারণ মানুষের হাঁটাচলা ও বিনোদনের উপযোগী পরিবেশ তৈরি করা হবে।’
নৌকাবাইচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ‘ঢাকার ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে নাগরিকদের সম্পৃক্ততা বাড়াতে হবে। আদি ঢাকার সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান তিনি।’
এ সময় ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ‘ঢাকাকে হৃদয়ে ধারণ করতে পারলেই নগরীর প্রতি মানুষের ভালোবাসা তৈরি হবে। সেই ভালোবাসা থেকেই পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলার উদ্যোগ সফল হবে।’
এ সময় কামরাঙ্গীরচর এলাকায় আট লেনের সড়ক নির্মাণ এবং নদীর পাড় বাঁধাই করে দৃষ্টিনন্দন হাঁটার পথ তৈরির মতো উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন ডিএসসিসি প্রশাসক। একই সঙ্গে নগরবাসীকে পরিচ্ছন্নতা রক্ষা ও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
নৌকাবাইচের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতে নেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদের দল। দ্বিতীয় হয় সাবেক ওয়ার্ড কমিশনার মোশারফ হোসেন খোকনের দল। তৃতীয় পুরস্কার পায় মাদারীপুরের আনিসুর রহমানের দল।
অনুষ্ঠানে ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




