ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়কয়েক মাসের মধ্যেই চালু হচ্ছে ঢাকা-করাচি ফ্লাইট

কয়েক মাসের মধ্যেই চালু হচ্ছে ঢাকা-করাচি ফ্লাইট

নিউজ ডেস্ক : বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আকাশপথে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই চালু হতে যাচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের যৌথ বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান (সিজেসিএসসি) জেনারেল সাহির শামশাদ মির্জা। শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ নানা বিষয়ে আলোচনা করেন।

রোববার (২৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, জেনারেল মির্জা বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের ওপর গুরুত্ব আরোপ করেন এবং দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

জেনারেল মির্জা বলেন, করাচি ও চট্টগ্রামের মধ্যে নৌপথে যোগাযোগ ইতোমধ্যে চালু হয়েছে, আর ঢাকা-করাচি আকাশপথ চালুর প্রস্তুতিও প্রায় সম্পন্ন। এটি আগামী কয়েক মাসের মধ্যেই চালু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৈঠকে উভয়পক্ষ মধ্যপ্রাচ্য ও ইউরোপে চলমান উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর ও বিভ্রান্তিমূলক প্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

আরো পড়ুন – সৌরচালিত ভাসমান স্কুল পেল ইউনেস্কোর কনফুসিয়াস পুরস্কার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, “ভুয়া খবর ও বিভ্রান্তিমূলক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে, যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক সমন্বিত প্রচেষ্টা জরুরি।”

সাক্ষাৎকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ২৪/মহফ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular