ঢাকা  বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকালবৈশাখীর প্রভাবে মেঘনা উত্তাল, মজুচৌধুরীরহাট–ইলিশা রুটে ফেরি চলাচল বন্ধ

কালবৈশাখীর প্রভাবে মেঘনা উত্তাল, মজুচৌধুরীরহাট–ইলিশা রুটে ফেরি চলাচল বন্ধ

নাজমুল হোসেন : কালবৈশাখী ঝড়ের প্রভাবে মেঘনা নদী উত্তাল হয়ে উঠেছে। এতে দুর্ঘটনা এড়াতে লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট থেকে ভোলার ইলিশা নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার সকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয় বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

মজুচৌধুরীরহাট ফেরিঘাটের প্রান্তিক সহকারী রেজাউল করিম রাজু বলেন, বৈরী আবহাওয়ার কারণে বুধবার সকাল থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ‘পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে,’ বলেন তিনি। তিনি জানান, এ রুটে প্রতিদিন চারটি ফেরি চলাচল করে, যার মাধ্যমে প্রায় ১৫০টি যানবাহন পারাপার হয়।

তবে বৈরী আবহাওয়ার মধ্যেই যাত্রীচাপের কারণে একটি লঞ্চ ছেড়ে দেওয়া হয়। মজুচৌধুরীরহাট লঞ্চঘাটের ট্রাফিক পরিদর্শক আব্দুর রহমান বলেন, ‘বুধবার সকাল থেকে ঘাটে বরিশাল ও ভোলাগামী বিপুলসংখ্যক যাত্রী জমা হয়। তাদের ঘাটে ধরে রাখা সম্ভব ছিল না। তাই দুপুর সোয়া ১২টার দিকে “পারিজাত” নামের একটি লঞ্চ ছেড়ে দেওয়া হয়।’ তবে ঝুঁকির কারণে ছোট লঞ্চ ও নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি।

ঘাটের পোর্ট কর্মকর্তা শাহ আলম বলেন, মঙ্গলবার দুপুর থেকে রাত ১টা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ ছিল। বুধবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সীমিত আকারে চলাচল শুরু হয়।

এদিকে কালবৈশাখীর প্রভাবে লক্ষ্মীপুরে মঙ্গলবার দুপুর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয় এবং বিক্ষিপ্তভাবে বজ্রপাত ঘটে। বিকেল থেকে বৃষ্টি কমলেও আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বুধবার সকাল থেকে আবারও দমকা হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হয়, যা নদীতে নৌযান চলাচলকে ঝুঁকিপূর্ণ করে তোলে।

বৈরী আবহাওয়া অব্যাহত থাকলে নৌযান চলাচলে আরও বিধিনিষেধ আসতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular