নিউজ ডেস্ক: নিজস্ব প্রতিবেদক : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একজন সাধারণ ঝাড়ুদার হিসেবে কর্মজীবন শুরু। পরবর্তী সময়ে অফিস সহায়ক ও কম্পিউটার অপারেটর হিসেবে দায়িত্ব পালন। অথচ অভিযোগ রয়েছে, মাত্র ১৭-১৮ বছরের ব্যবধানে বিপুল সম্পদের মালিক হয়েছেন রাজউকের কর্মচারী মো. ইসমাইল হোসেন মিয়া। রাজধানীর অভিজাত এলাকায় একাধিক ফ্ল্যাট, বাণিজ্যিক দোকান, জমি, গ্রামের বাড়িতে বিলাসবহুল ভবন, এমনকি পর্যটন নগরী কক্সবাজারের একটি অভিজাত হোটেলেও তার শেয়ার থাকার অভিযোগ উঠেছে। একজন সাধারণ কর্মচারীর এমন সম্পদ অর্জনের উৎস কী—এ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজউকসহ সংশ্লিষ্ট মহলে।
ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে এসব সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের সত্যতা নির্ধারণে প্রয়োজন নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত।
অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০০৮ সালে মাস্টাররোলে ঝাড়ুদার হিসেবে রাজউকে যোগ দেন মো. ইসমাইল হোসেন মিয়া। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার নয়াদিল গ্রামে। তিনি ওই গ্রামের রিকশাচালক হারেছ মিয়ার ছেলে বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, রাজউকে যোগদানের পর বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রভাব খাটিয়ে পরবর্তী সময়ে অফিস সহায়ক এবং কম্পিউটার অপারেটর হিসেবে দায়িত্ব পান তিনি। এরপর থেকেই তার বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ-সম্পদ গড়ে তোলার অভিযোগ সামনে আসতে থাকে।
ইসমাইলের সম্পদের তালিকা নিয়ে স্থানীয় ও সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা রয়েছে। অভিযোগ অনুযায়ী, রাজধানীর বনানী, রামপুরা, ভূঁইয়াপাড়া, নন্দীপাড়াসহ বিভিন্ন এলাকায় তার নামে বা স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে রয়েছে ৭ থেকে ৮টি বিলাসবহুল ফ্ল্যাট।
বর্তমানে তিনি রাজধানীর বনশ্রীর বি-ব্লকের ৪ নম্বর রোডের ২৮ নম্বর কপোতাক্ষ ভবনের পঞ্চম তলায় সপরিবারে বসবাস করেন বলে জানা গেছে।
এ ছাড়া মৌচাক মার্কেটে দুটি দোকান এবং কক্সবাজারের একটি অভিজাত হোটেলে শেয়ার থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পূর্বাচলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নিজ নামে কিংবা অন্যের নামে জমি ও সম্পদ থাকার কথাও আলোচনায় এসেছে।
শুধু রাজধানীতেই নয়, নিজ গ্রামের বাড়ি আখাউড়ার নয়াদিল গ্রামেও বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে ইসমাইলের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রের দাবি, সেখানে প্রায় এক কোটি টাকা ব্যয়ে পাঁচতলা ফাউন্ডেশনের একটি প্রাসাদোপম বাড়ি নির্মাণ করেছেন তিনি। পাশাপাশি কোটি টাকা মূল্যের একটি দীঘি কেনা এবং প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে অটোরিকশার শোরুম প্রতিষ্ঠার কথাও জানা গেছে।
এ ছাড়া ব্যক্তিগত দামি প্রাইভেটকার ও একাধিক মোটরসাইকেল ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে। একজন সাধারণ কর্মচারীর বৈধ আয় ও ঘোষিত সম্পদের সঙ্গে এসব সম্পদের সামঞ্জস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।
ইসমাইলের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হলো, রাজউকের বিভিন্ন নথি ও নকশাসংক্রান্ত কাজে অনৈতিকভাবে প্রভাব বিস্তার। অভিযোগ রয়েছে, অর্থের বিনিময়ে নিয়মবহির্ভূত নথি ও নকশার কাজ সম্পন্ন করতে তিনি মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখেন।
এমনকি রাজউকের অভ্যন্তরে তার প্রভাব ও দাপট নিয়েও সহকর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। তবে এসব অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত চিত্র বের করে আনা জরুরি।
ইসমাইলের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২১ সালের মার্চ এবং ২০২২ সালের জানুয়ারিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ জমা পড়েছিল বলে জানা গেছে।
এ ছাড়া বিভিন্ন সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে দুর্নীতি ও সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। অভিযোগ রয়েছে, এসব প্রতিবেদন প্রকাশের পর তিনি প্রতিবাদলিপি পাঠিয়ে অভিযোগগুলো খণ্ডনের চেষ্টা করেন।
একাধিক অভিযোগ ও সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পরও তদন্তের দৃশ্যমান অগ্রগতি নিয়ে প্রশ্ন রয়েছে। দুদক ও রাজউকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলোর বর্তমান অবস্থা এবং এ পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জনসমক্ষে পরিষ্কার করার দাবি উঠেছে।
স্থানীয়দের কাছে ইসমাইলকে একজন প্রভাবশালী ও বিত্তশালী ব্যক্তি হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয় মসজিদ-মাদ্রাসায় অনুদান প্রদান এবং অসচ্ছল ব্যক্তিদের আর্থিক সহায়তার মাধ্যমে এলাকায় তার ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে বলেও জানা গেছে।
এসব দান-অনুদানের অর্থের উৎস এবং তার ঘোষিত আয়ের সঙ্গে বিপুল সম্পদের সামঞ্জস্য রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।
রাজউকের মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে একজন সাধারণ কর্মচারীর বিরুদ্ধে এত বিপুল সম্পদ অর্জনের অভিযোগ ওঠা স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তার প্রকৃত আয়, সম্পদ বিবরণী, ব্যাংক লেনদেন, জমি-ফ্ল্যাট কেনাবেচার দলিল এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা সম্পদের উৎস অনুসন্ধান করা প্রয়োজন।
সচেতন মহলের দাবি, অভিযোগগুলো আমলে নিয়ে দুদক ও রাজউকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে নিরপেক্ষ তদন্ত পরিচালনা স্বাপেক্ষে অবৈধ সম্পদ অর্জন, ঘুষ-দুর্নীতি কিংবা ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া প্রয়োজন।
একই সঙ্গে অভিযোগগুলোর বিষয়ে ইসমাইল হোসেন মিয়ার বক্তব্য, সম্পদের বৈধ উৎস এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবস্থানও প্রকাশ করা জরুরি। কারণ, একজন সরকারি কর্মচারীর সম্পদের উৎস নিয়ে ওঠা প্রশ্নের জবাব কেবল অভিযোগ-পাল্টা অভিযোগে নয়, বরং স্বচ্ছ তদন্ত ও প্রমাণের মাধ্যমেই প্রতিষ্ঠিত হওয়া উচিত।



