নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কালীগঞ্জ পৌরসভা গ্রুপের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিনে মোহাম্মদ জাহিদ হাসানের উদ্যোগে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। তিনি সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য সাবেক সদস্য এবং কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদ্য সাবেক সদস্য।
এ সময় মোট ২০০ জন অসহায় মানুষের মাঝে সেমাই, চিনি, দুধ, তেল, পেঁয়াজ, রসুন, পোলাও চাল, আলু, শুকনা মরিচ, শ্যাম্পু এবং একটি করে মুরগি বিতরণ করা হয়। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানা গেছে।
উদ্যোক্তারা জানান, ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা থেকেই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই ক্ষুদ্র প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। ঈদের আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন তা সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া যায়।
এ বিষয়ে মোহাম্মদ জাহিদ হাসান বলেন, মানুষের কল্যাণ ও ঈদের আনন্দ ভাগ করে নেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও কালীগঞ্জ পৌরসভা এলাকার অসহায় মানুষের পাশে মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই উদ্যোগের মাধ্যমে ঈদের দিনে অসহায় পরিবারগুলোর মধ্যে কিছুটা স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।




