উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষতা উন্নয়নে দিনব্যাপী কর্মশালা
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : মৎস্যখাতে উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের উদ্যোগে দিনব্যাপী মৎস্যচাষী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) কুমিল্লা ব্র্যাক লার্নিং সেন্টারের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লার চান্দিনা, লাকসাম, সদর, সদর দক্ষিণ, বরুড়া, নাঙ্গলকোট, লালমাই, মনোহরগঞ্জ ও চৌদ্দগ্রাম উপজেলার শতাধিক মৎস্য খামারি অংশ নেন।
প্রশিক্ষণে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, উন্নত মানের পোনা নির্বাচন ও মজুদ, সুষম খাদ্য ব্যবস্থাপনা, মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আধুনিক প্রযুক্তির প্রোবায়োটিক ব্যবহার, এয়ারেটরের প্রয়োগ এবং তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা নিয়েও খামারিদের ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মাদ ওয়াহিদুর রহমান মজুমদার। ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের রিজিওনাল ম্যানেজার মো. সাইফুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক তাসলিমা বেগম।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়ক জিয়াউদ্দিন আহমেদ। সঞ্চালনায় ছিলেন সেলস অফিসার মো. সোহেল রানা। এছাড়া উপস্থিত ছিলেন অফিসার (সেলস) মো. রিমন চৌধুরীসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তারা।
আয়োজকরা জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে খামারিদের দক্ষতা বাড়লে মৎস্য উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং দেশের পুষ্টি নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখবে।




