নিউজ ডেস্ক: কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুনে ছয় শ্রমিক নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। ঘটনাটিকে তারা নিছক দুর্ঘটনা নয়, ‘কাঠামোগত হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করেন।
রবিবার (৫ এপ্রিল) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে দলের সমন্বয়ক মাসুদ রানা নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সেইসঙ্গে নিহতদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা এবং ঘটনার যথাযথ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
তিনি বলেন, মালিকদের মুনাফা লিপ্সা ও রাষ্ট্রীয় তদারকি সংস্থার অবহেলার কারণে শ্রমজীবী মানুষের জীবন অনিরাপদ হয়ে উঠেছে। কেরানীগঞ্জের এই অগ্নিকাণ্ড তার সাম্প্রতিক উদাহরণ।
বিবৃতিতে দাবি করা হয়, সংশ্লিষ্ট কারখানাটির কোনো অনুমোদন ছিল না এবং আগুন নেভানোরও পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। আগুন লাগার সময় প্রধান ফটক তালাবদ্ধ থাকায় শ্রমিকরা আটকা পড়ে পুড়ে ও দম বন্ধ হয়ে হতাহত হন। এ কারণে ঘটনাটিকে নিছক দুর্ঘটনা নয়, ‘কাঠামোগত হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করা হয়।
মাসুদ রানা বলেন, অতীতে বিভিন্ন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটিগুলো নিরাপদ কর্মপরিবেশ, জরুরি বহির্গমন ও তদারকি নিশ্চিত করার সুপারিশ করলেও সেগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ দেখা যায়নি। শ্রম সংস্কার কমিশনের সুপারিশও বাস্তবায়ন না হওয়ায় এমন ঘটনা বারবার ঘটছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী কারখানা মালিক ও তদারকি সংস্থার সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি নিহতদের পরিবারকে এক জীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ, আহতদের রাষ্ট্রীয় খরচে চিকিৎসা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।




