নিউজ ডেস্ক: “জুলাই-আগস্ট ছাত্র জনতার আত্মত্যাগের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আসুন ঐক্যবদ্ধ হই” এই স্লোগানকে সামনে রেখে গণফোরাম এর ৭ম জাতীয় সম্মেলন- ২০২৪ আগামী ৩০ নভেম্বর শনিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন আলহাজ্ব শহিদুল ইসলাম ভূঁইয়া (আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া’র পিতা)।
সভাপতিত্ব করবেন ড. কামাল হোসেন। উপস্থিত থাকবেন গণফোরাম সমন্বয় কমিটির চেয়ারম্যান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা মোস্তফা মোহসীন মন্টু, কো-চেয়ারম্যান অ্যাডভোকেট এস.এম. আলতাফ হোসেন, কো-চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সদস্য সচিব ডা. মো: মিজানুর রহমান সহ দেশের বরেণ্য রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ।
সম্মেলনে গণফোরামের কেন্দ্রীয় ও সারাদেশ থেকে আগত কাউন্সিলরগণ অংশগ্রহণ করবেন। কাউন্সিল অধিবেশনে গণফোরামের সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে বিস্তারিত আলোচনার পর রাজনৈতিক দিকনির্দেশনা মূলক সিদ্ধান্ত গ্রহণ ও আগামী দিনের দলীয় নেতৃত্ব নির্বাচন করা হবে।



