গফরগাঁও (ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে তুষার মিয়া(৪২)নামে এক ভুয়া ম্যাজিস্ট্রেট জনতার হাতে আটক হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার শিবগঞ্জ বাজারে ব্যবসায়ীদের দোকানে ম্যাজিস্ট্রেট পরিচয়ে পলিথিন উদ্ধার অভিযানের নামে জরিমানা আদায় করছিল।
এসময় তার কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে উপস্থিত জনতা তাকে আটক করে।
তার বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মধ্যবাজার রথপাড়া এলাকায়।
শিবগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম জানান,’তুষার মিয়া নিজেকে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট পরিচয়ে শিবগঞ্জ বাজারের ব্যবসায়ী বাসিরের দোকানে অবৈধ পলিথিন উদ্ধারে অভিযান চালায়। স্থানীয় সাংবাদিক আশরাফ আলী ফারুকী তার সাথে কথা বললে তার কথাবার্তা সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভুয়া ম্যাজিষ্ট্রেটকে উদ্ধার করে থানা নিয়ে আসে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, জনতার হাতে আটক স্বাস্থ্য অধিদপ্তরের ম্যাজিষ্ট্রেট পরিচয়দানকারী তুষার মিয়া ভুয়া। তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ‘
পরে বৃহস্পতিবার বিকেলে আটককৃত ব্যক্তিকে সহকারী কমিশনার (ভূমি) সালমান রনি ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৭০ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেলহাজতে পাঠায় ।



