স্টাফ রিপোর্টার : গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা ও গাড়ির পুরোনো ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ করার দায়ে দুই ব্যক্তিকে অর্থ ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার সহকারী কামিশনার (ভূমি) আতাহার শাকিল বলেন মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে তাদের এ সাজা দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ফুডনগর গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে মো. জহির সিকদার (৬০) ও নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার বারহা গ্রামের মোকসেদ আলীর ছেলে সুমন মিয়া (২৫)।
এদের মধ্যে জহির সিকদারকে ৫০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সুমন মিয়াকে একই পরিমান টাকা ও তিন মাসের কারাদণ্ড দেওয়া।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আতাহার শাকিল বলেন, “উপজেলার বদনীভাংগা গ্রামের বনের ভেতর ওই ব্যক্তিরা অবৈধভাবে কারখানা তৈরি করে তাতে পুরোনো ব্যাটারি পোড়াতেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করে অর্থ ও কারাদণ্ড দেওয়া হয়।”



