নিউজ ডেস্ক: দুই দিন পর সোমবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। বন্দরে জাহাজ থেকে আমদানি কনটেইনার নামানো হচ্ছে। আবার বেসরকারি ডিপো থেকে রপ্তানি কনটেইনার বন্দরে এনে জাহাজে তুলে দেওয়া হচ্ছে। বন্দর থেকে কনটেইনার খুলে পণ্য খালাসও শুরু হয়েছে।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা ‘শাটডাউন’ কর্মসূচির কারণে গত শনিবার থেকে গতকাল রোববার রাত সাড়ে ৯টা সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ ছিল। এতে অচল হয়ে যায় চট্টগ্রাম বন্দর। কারণ, কাস্টমসের অনুমোদন ছাড়া চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানিসংক্রান্ত কোনো কার্যক্রম শুরু করা যায় না। গতকাল রাত সাড়ে ৯টায় ঢাকায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা।
চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলাম বলেন, কর্মসূচি প্রত্যাহারের পর গতকাল রাতে কাজ শুরু হয়েছে, আজ আমদানি-রপ্তানিসংক্রান্ত সব ধরনের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।



