নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : লক্ষ্মীপুর শহরের কালী বাজার সড়কে চাঁদা না দেওয়ায় একাধিক দোকান ও ব্যবসায়ীর শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা এবং মারধরের অভিযোগ উঠেছে এক ব্যক্তি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় তিন ব্যবসায়ী আহত হয়েছেন। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের উত্তর তেমুহনীসংলগ্ন কালী বাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যার পর ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।
অভিযুক্ত ব্যক্তি হলেন মো. দেলোয়ার হোসেন (৪৫)। তিনি ওই এলাকার মৃত ধনু মিয়ার ছেলে। তাঁর সঙ্গে তাঁর ছোট ভাই শাকিল ও ভাগিনা মুন্না ছিলেন বলে অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মঙ্গলবার দুপুরে দেলোয়ার হাতে পেট্রলের বোতল নিয়ে ব্যবসায়ী শাহেদ আলমের ফুড কেমিক্যালের দোকানে যান। সেখানে দোকানের মালামালের ওপর পেট্রল ছিটিয়ে তিনি এক লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ। শাহেদ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁর পাশে থাকা ব্যবসায়ী কৃষ্ণপালের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা।
এ সময় কৃষ্ণপালকে টেনেহিঁচড়ে মারধর করা হয়। দোকানের কর্মচারী সোহাগ বাধা দিতে গেলে তাঁকেও মারধর এবং পায়ে কামড় দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
পরে আশপাশের ব্যবসায়ীরা শাহেদকে উদ্ধারে এগিয়ে এলে দেলোয়ার, শাকিল ও মুন্না দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়। এতে শাহেদ আলম, সোহাগ ও রাকিব আহত হন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় মঙ্গলবার রাতে শাহেদ আলম লক্ষ্মীপুর সদর থানায় লিখিত অভিযোগ করেন।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, এর আগে দেলোয়ার সেলুন ব্যবসায়ী জগদিশ বাবুর কাছে প্রতিদিন ৫০০ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে ও তাঁর ছেলেকে মারধর করে ৫০০ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। পরে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে গিয়ে ব্যবসায়ী কৃষ্ণপালের কাছেও প্রতিদিন ৫০০ টাকা চাঁদা দাবি করা হয় বলে তাঁরা জানান।
ব্যবসায়ীরা বলেন, চাঁদা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে কয়েকটি দোকানে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা এবং হামলা চালানো হয়েছে। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত দেলোয়ার হোসেন পলাতক থাকায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
ঘটনাস্থল পরিদর্শন করে লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, বাজারে এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। ঘটনার পর ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম খলীল বলেন, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে। অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




